অনলাইন নিউজ পোর্টালে নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার

অনলাইন নিউজ পোর্টালে নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুন, ২০২৬ ২২:৫১

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, 'অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনার নিয়মকানুন আরও সুসংহত করতে নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার। একইসঙ্গে দুর্বল প্রকাশনা রেকর্ড থাকা জেলাভিত্তিক সংবাদপত্রগুলোকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিও গভীর ভাবে পর্যালোচনা করা হচ্ছে।'

রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে তিনি এসব কথা বলেন। 

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের একটি তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে এই সিদ্ধান্তের কথা অবহিত করেন। 

প্রতিমন্ত্রী বলেন, 'জেলাভিত্তিক যেসব সংবাদপত্রের প্রকাশনা রেকর্ড দুর্বল, সেগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ডিএফপির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল কি-না, তা পরীক্ষা করে দেখছে মন্ত্রণালয়। এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

পাশাপাশি অনলাইন সংবাদ মাধ্যমগুলোকে সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি আধুনিক ও যুগোপযোগী নীতিমালা তৈরির কাজ হাতে নেওয়ার কথা জানান তিনি।

এদিকে, সংসদের একই অধিবেশনে সংবাদ মাধ্যমগুলোর একাংশের মাধ্যমে কথিত ভুল তথ্য ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানোর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান। দেশের গণমাধ্যমে যেন কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার ছড়াতে না পারে, সে বিষয়ে সরকারকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।