স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের ওষুধ বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে রফতানি হচ্ছে।
সোমবার (৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “১৪০ দেশে আমাদের ওষুধ রফতানি হচ্ছে। দেশীয় উৎপাদকরা ভ্যাকসিন তৈরি করতে পারলে এই পরিসর আরও বাড়বে।”
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে সরকারিভাবে ভেন্টিলেটর, মেশিন বা ভ্যাকসিন পর্যাপ্তভাবে সরবরাহ হয়নি। এমনকি সিরিঞ্জের মতো প্রয়োজনীয় সামগ্রীও ছিল না বলে তিনি মন্তব্য করেন। তবে প্রাইভেট উদ্যোক্তাদের সহায়তায় হামের মতো রোগ মোকাবিলা করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
হাম পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, “হামের অ্যান্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে।”
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি জানান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) অনুদান হিসেবে এক লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) দিয়েছে। বর্তমানে সেন্ট্রাল স্টোরে এক লাখ স্যালাইন মজুত আছে এবং উপজেলা পর্যায়ে আরও ২০ থেকে ২৫ হাজার স্যালাইন রয়েছে।
তবে হঠাৎ স্যালাইনের চাহিদা বাড়তে পারে বলে সতর্ক করেন তিনি।
এছাড়া রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া শোকজের জবাব দিতে আরও দুই দিন সময় দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার তদন্তে আইনানুগভাবে কী ধরনের ব্যত্যয় ঘটেছে, তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেবে কি না, সেটি তাদের বিষয়। সরকার জনস্বার্থ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
আরো পড়ুন: