আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ঢাকা ওয়াসার অধীনে বাস্তবায়নাধীন এই প্রকল্পের প্রথম ধাপের কাজ ইতোমধ্যে প্রায় ৯৭ শতাংশ সম্পন্ন হয়েছে।
সোমবার (৮ জুন) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলমান প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীর দুই সিটি করপোরেশনে ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে এবং পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় মেঘনা নদী থেকে উপরিভাগের পানি সরবরাহের এই মেগা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (ডিইএসডব্লিউএসপি) দেশের অন্যতম বৃহৎ পানি সরবরাহ প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোই প্রকল্পের প্রধান লক্ষ্য। প্রকল্পের আওতায় পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, দৈনিক ৫০ কোটি লিটার সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক নির্মাণ করা হয়েছে।
এই মেগা প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা।
আরো পড়ুন: