দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং টিকা আমদানিতে ব্যর্থতার অভিযোগ তুলে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার আবেদনটি করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল। আবেদনে আরও আসামি হিসেবে ছিলেন সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
অভিযোগে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে টিকা সংগ্রহ ও আমদানিতে সিদ্ধান্তগত ব্যর্থতা ও অবহেলার কারণে দেশে হামের বিস্তার ঘটে এবং বহু শিশু আক্রান্ত ও মৃত্যুবরণ করে। ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহের প্রচলিত প্রক্রিয়া বাতিল করে উন্মুক্ত দরপত্রের উদ্যোগ নেওয়ায় টিকা সরবরাহে বিলম্ব হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
বাদী পরে গণমাধ্যমকে বলেন, ইউনিসেফ আগেই সম্ভাব্য টিকা সংকটের বিষয়ে সতর্ক করেছিল, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। তাঁর দাবি, এই অবহেলার কারণেই দেশে হামের ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
তবে শুনানি শেষে আদালত মামলার আবেদন খারিজ করে দেন। এর ফলে আপাতত এ বিষয়ে কোনো ফৌজদারি কার্যক্রম শুরু হচ্ছে না।
আরো পড়ুন: