২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ, ফ্লাইট শুরু ৮ এপ্রিল

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ, ফ্লাইট শুরু ৮ এপ্রিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুন, ২০২৬ ১৫:৪৫

২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজ কার্যক্রমের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।

এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। পরে বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) অংশ নেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তাঁর কাছে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।

প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে। ৮ নভেম্বর স্বাক্ষর হবে দ্বিপাক্ষিক হজচুক্তি।

২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ) অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

এছাড়া সৌদি প্রান্তের খরচের অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে স্থানান্তরের কার্যক্রম চলবে ২০২৬ সালের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

নুসুক মাসারের মাধ্যমে তাঁবু, সার্ভিস প্যাকেজ, মক্কা-মদিনার হোটেল, ক্যাটারিং ও পরিবহন সেবার চুক্তি সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ২৯ জুলাই থেকে ২০২৭ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত।

মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ২০২৬ সালের ১৪ আগস্ট থেকে ২০২৭ সালের ২৮ জানুয়ারির মধ্যে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।