বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতের কারাগার থেকে ফেরত আনা ৯১ জন বাংলাদেশি জেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনুষ্ঠানিক ভাবে জেলেদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কামরুজ্জামান বলেন, 'বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধ ভাবে মাছ ধরার অভিযোগে ভারতীয় কোস্ট গার্ড গত ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৫ এবং ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ২০২৬ চারটি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে। পরে তাদের ভারতের কারাগারে পাঠানো হয়।'
তিনি বলেন, 'পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটগুলো দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।'
সেই সিদ্ধান্ত অনুযায়ী, গত ৭ জুন ২০২৬ (রোববার) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল)-এ বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জন বাংলাদেশি জেলে এবং চারটি ফিশিং বোট গ্রহণ করা হয়।
দেশে ফিরে আসা জেলেদের বাড়ি চট্টগ্রামের কুতুবদিয়া উপজেলায়। দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরে পেয়ে জেলেরা যেমন আনন্দিত, তেমনি তাদের পরিবারের সদস্যদের মাঝেও স্বস্তি ও উচ্ছ্বাস দেখা গেছে।
আরো পড়ুন: