মহাখালী-তেজগাঁও সড়কে নাসা গ্রুপের শ্রমিকদের অবরোধ

মহাখালী-তেজগাঁও সড়কে নাসা গ্রুপের শ্রমিকদের অবরোধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুন, ২০২৬ ১৯:২১

আপডেট: ৮ জুন, ২০২৬ ১৯:২২

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গ্রুপের প্রায় ৫০০ শ্রমিক। শ্রমিকদের অবস্থানের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট।

সোমবার বিকেল ৪টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাখালী-তেজগাঁও সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আশপাশের এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, 'নাসা গ্রুপের প্রতিষ্ঠানটি বর্তমানে বন্ধ রয়েছে। শ্রমিকরা এখনো এক মাসের বেতন পাননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বোঝানো হচ্ছে।'

তিনি বলেন, 'এই গ্রুপের মূল মালিকরা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের সম্পত্তি আদালতে নির্দেশে নানা মামলায় জব্দ করা হয়েছে। এখন মালিকপক্ষের কেউ এমন নেই যে যাদের সঙ্গে আমরা কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব। আর বকেয়া বেতন পাওয়া শ্রমিকদেরও আমরা কি আশ্বাস দেব সেই বিষয়ে বুঝতে পারছি না। যেহেতু মালিকপক্ষের সঙ্গে আমরা কোনো ধরনের যোগাযোগ করতে পারছি না। তারপরও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি যেহেতু রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক এটি।'