হাইকোর্টে জামিন পেলেন সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুল

হাইকোর্টে জামিন পেলেন সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুল
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুন, ২০২৬ ২২:১৯

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ, হত্যার পরিকল্পনা ও খুনের ঘটনার মামলায় আসামি শিমুল ভূঁইয়াকে জামিন দিয়েছে হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেন। 

২০২৪ সালের ১৩ মে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে খুন করে টুকরো টুকরো করা হয়। এ ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শের-ই-বাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এ মামলায় ১৬৪ ধারায় ২০২৪ সালের ০৫ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এক সময়কার চরমপন্থী নেতা আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া। পরে শিমুল ভূঁইয়াকে কারাগারে পাঠানো হয়।

আনার হত্যার পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যে দেশে তিন জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই তিন জন হলেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমান। 

আনার হত্যার ঘটনায় তার মেয়ের মামলায় ওই তিন জনকে গ্রেপ্তার করে ২০২৪ সালের ২৪ মে আদালতে হাজির করা হয়।