দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, প্রাণ গেল ৪ জনের

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, প্রাণ গেল ৪ জনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুন, ২০২৬ ১০:৫৬

টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আব্দুল হাকিম মিয়ার ছেলে ও পিকআপচালক নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার রফিকুল (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাগর (২২) এবং ভোলা সদর উপজেলার সুমন (২৬)। তারা সবাই মুরগিবাহী পিকআপে ছিলেন।

এ ঘটনায় আহত হয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জহিরুল ইসলাম (৪০)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সড়কের পাশে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা মুরগিবাহী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

ধাক্কায় পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ চারজন মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।