পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে বাড়িতে আগুন, দগ্ধ হয়ে আরও ৩ জনের মৃত্যু

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে বাড়িতে আগুন, দগ্ধ হয়ে আরও ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুন, ২০২৬ ১৪:৩৪

পাবনা সদর উপজেলায় কিশোরী রিয়া খাতুনকে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তেজিত জনতার দেওয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। এর আগে সোমবার (৮ জুন) বিকেলে একই হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, পার্শ্ববর্তী নতুনপাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৩ জুন) বিকেলে ভাঁড়ারা এলাকায় পদ্মা নদী থেকে রিয়া খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার মরদেহ দাফনের পর উত্তেজিত জনতা আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ করে।

এ সময় সিলিন্ডার বিস্ফোরণে আশপাশের কয়েকজন দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অগ্নিকাণ্ডের সময় আসামিপক্ষের কেউ বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।

দগ্ধরা সবাই প্রতিবেশী ও আশপাশের স্থানীয় বাসিন্দা এবং উৎসুক জনতা ছিলেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, কিশোরী রিয়া খাতুন (১৫)-এর মরদেহ উদ্ধারের ঘটনায় তার কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তারা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।