শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শনসহ কোনো বিষয় বাদ দেওয়ার খবর ভিত্তিহীন।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কর্মমুখী শিক্ষা বিস্তারে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে কারিকুলাম পর্যালোচনা করা হচ্ছে। তবে বাংলা, ইতিহাস বা দর্শন বিষয়ে আসন কমানো বা বাদ দেওয়ার কোনো আলোচনা হয়নি।
তিনি আরও বলেন, বাজারের চাহিদা অনুযায়ী কিছু বিষয়ে আধুনিকায়ন নিয়ে কাজ চললেও প্রচারিত তথ্য সম্পূর্ণ গুজব।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়ে। পরে শিক্ষা মন্ত্রণালয় তা অস্বীকার করে।
শিক্ষা মন্ত্রণালয়ের একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
তিনি সবাইকে অনুরোধ করেন, যেকোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করতে এবং শিক্ষা মন্ত্রণালয় ও সরকারি নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করতে।
আরো পড়ুন: