দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৮৬ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৯ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মারা গেছে ৯২ শিশু।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনই শিশু, যারা ঢাকা, সিলেট ও ময়মনসিংহের বাসিন্দা।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৮০ জন। এর মধ্যে ৯৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৫৪ জন।
সব মিলিয়ে গত ৮৬ দিনে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জনে। এর মধ্যে ৬৬ হাজার ১৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৮৩৩ জনে পৌঁছেছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এখন পর্যন্ত মোট ৬২ হাজার ২৯২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আরো পড়ুন: