মাগুরায় নিম্নমানের বীজ বিক্রির দায়ে জরিমানা

মাগুরায় নিম্নমানের বীজ বিক্রির দায়ে জরিমানা
ছবি: বাসস।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুন, ২০২৬ ২১:২২

মাগুরার মহম্মদপুর উপজেলায় আজ মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও অনুমোদনহীন নিম্নমানের ধানের বীজ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিনোদপুর বাজার এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। 

অর্থদণ্ড প্রাপ্ত ব্যবসায়ীর নাম সমীর কুমার সাহা উপজেলার বিনোদপুর বাজারের বীজ, সার ও কীটনাশক বিক্রেতা প্রতিষ্ঠান ‘মেসার্স সাহা ট্রেডার্স’-এর মালিক। 

সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিনোদপুর বাজারের বিভিন্ন বীজ, সার ও মুদি দোকানে তদারকিমূলক অভিযান চালানো হয়। অভিযানকালে ২০২৪ সালের মেয়াদোত্তীর্ণ কীটনাশকের আসল মেয়াদ মুছে দিয়ে ২০২৭ সাল পর্যন্ত মেয়াদের জাল সিল মেরে কৃষকদের কাছে বিক্রি, ২৩০ টাকার কীটনাশকের দাম বাড়িয়ে ২৮০ টাকা লিখে রাখা এবং বিভিন্ন বেনামি কোম্পানির অনুমোদনহীন ও নিম্নমানের ধানের বীজ এনে ইচ্ছেমতো সিল মেরে বিক্রির দায়ে মেসার্স সাহা ট্রেডার্স- এর মালিক সমীর কুমার সাহাকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে অপরাধের গুরুত্ব বিবেচনা করে দোকানটি সাত দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।'

অভিযানকালে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. শাহীন ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।