নির্বাচনী দায়িত্বে মৃত্যু-আহত হলে ১০ লাখ টাকা অনুদান দেবে ইসি

নির্বাচনী দায়িত্বে মৃত্যু-আহত হলে ১০ লাখ টাকা অনুদান দেবে ইসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ১৫:০৯

নির্বাচনী দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা, কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মারা গেলে বা গুরুতর আহত হলে সর্বোচ্চ ৫০ হাজার থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন আর্থিক অনুদান দেবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে নতুন একটি নীতিমালা জারি করা হয়েছে।

সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয় থেকে “নির্বাচনী দায়িত্ব পালনকালে অসুস্থ/গুরুতর অসুস্থ/আহত/গুরুতর আহত কর্মকর্তা-কর্মচারী ও মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা/অনুদান প্রদান নীতিমালা-২০২৬” শীর্ষক প্রজ্ঞাপন জারি করা হয়।

নীতিমালা অনুযায়ী, নির্বাচনী দায়িত্বে কোনো ব্যক্তি দুর্বৃত্তদের হামলা বা দুর্ঘটনায় নিহত হলে তার পরিবার সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাবে। একই ঘটনায় গুরুতর আহত বা স্থায়ীভাবে অক্ষম হলে সর্বোচ্চ ৪ লাখ টাকা, সাময়িকভাবে অক্ষম হলে ২ লাখ টাকা এবং সাধারণ আহত হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।

এছাড়া দায়িত্ব পালনের সময় আকস্মিক অসুস্থতা বা মৃত্যুর ক্ষেত্রেও সর্বোচ্চ ৬ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার বিধান রাখা হয়েছে। গুরুতর অসুস্থতা বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসা ব্যয়ের জন্য ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।

নীতিমালাটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে কার্যকর হবে। জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও স্থানীয় সরকার নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়ন কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই সুবিধার আওতায় থাকবেন।

অনুদান প্রাপ্তির জন্য দুর্ঘটনা বা অসুস্থতার ৩০ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের অনুমোদনের ভিত্তিতে অনুদানের অর্থ সরাসরি ব্যাংক হিসাবে প্রদান করা হবে।