দেশে হাম ও হাম-সংক্রান্ত উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯ জনে।
বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামজনিত কারণে মারা গেছে আটজন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হাম রোগে প্রাণ হারিয়েছে ৫৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৪ জনের। এছাড়া সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ৯৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯২৭ জন। আর সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৮২ হাজার ২৯ জন। একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ৯৯৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৩ হাজার ১৪৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৫৬ জন মারা গেছে। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে ৩ এবং ময়মনসিংহ ও রাজশাহীতে ২ জন করে মারা গেছে।
সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ২২৯ জনের মৃত্যু হয়েছে। এরপর রাজশাহীতে ৮৬, সিলেটে ৬৬, ময়মনসিংহে ৫০, চট্টগ্রামে ৪৭, বরিশালে ৩৮, খুলনায় ২৩ এবং রংপুরে ৮ জন মারা গেছে।
আরো পড়ুন: