গাইবান্ধার পলাশবাড়িতে পানহাটি দখলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে পলাশবাড়ি উপজেলার পৌর শহরের ছোট শিমুলতলা পানহাটিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।
সকালের ঘটনায় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনেকে নিরাপত্তাহীনতায় এলাকা ত্যাগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পলাশবাড়ি-ঘোরাঘাট আঞ্চলিক মহাসড়কে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে উত্তেজনা তৈরি করে। এ সময় হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে উভয় পক্ষকে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অংশ নিতে দেখা যায়।
এছাড়া পানহাটির কয়েকটি দোকান ও ছাউনি ভাঙচুরের ঘটনাও ঘটে।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, সকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে ককটেল বিস্ফোরণের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, পানহাটির নিয়ন্ত্রণ নিয়ে গত ২০ মে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে একজন আহত হন, যিনি পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনার পর এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায় এবং উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা হয়।
বর্তমান ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
আরো পড়ুন: