প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুমোদনের পর বাজেটটি বিকেলে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর বিপরীতে ব্যয়ের চাহিদা পূরণে দেশি-বিদেশি ঋণ ও উন্নয়ন সহযোগীদের ওপর নির্ভর করতে হবে। বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন বাজেটে উদ্যোক্তা উন্নয়ন তহবিলে ২২৫ কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য ২ হাজার কোটি টাকার বিশেষ তহবিল রাখার প্রস্তাব রয়েছে।
এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় রয়েছে।
নতুন বাজেটে ২৫ লাখ নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং বরাদ্দ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হতে পারে।
এছাড়া বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রাও বাজেট পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।
আরো পড়ুন: