আইনজীবী সনদের প্রথম ধাপে উত্তীর্ণ জাইমা রহমান

আইনজীবী সনদের প্রথম ধাপে উত্তীর্ণ জাইমা রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১০:৫১

নিম্ন (অধস্তন) আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সনদ পাওয়ার প্রথম ধাপ বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এবারের পরীক্ষায় মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের তালিকায় রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানও।

শুক্রবার (১২ জুন) দিনগত রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

জাইমা রহমান নিজেই তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এক পোস্টে তিনি জানান, বাংলাদেশে আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে বার কাউন্সিলের প্রথম ধাপের পরীক্ষায় অংশ নিয়ে আল্লাহর রহমতে উত্তীর্ণ হয়েছেন।

জানা গেছে, জাইমা রহমান রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।

এর আগে শুক্রবার সকালে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন প্রার্থী।

বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রক্রিয়ায় তিনটি ধাপ রয়েছে—এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা। তিন ধাপ সফলভাবে শেষ করা প্রার্থীরাই আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত হয়ে তালিকাভুক্ত হবেন।

সনদ পাওয়ার পর তারা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ছাড়া দেশের অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন।