হজ শেষে দেশে ফিরলেন ৫৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫০ জনের

হজ শেষে দেশে ফিরলেন ৫৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫০ জনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১১:০১

চলতি বছর হজ পালন শেষে এখন পর্যন্ত ৫৪ হাজার ৩২৩ জন হাজি বাংলাদেশে ফিরেছেন। এদিকে হজ করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত ৫০ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) দিনগত রাত ৩টা পর্যন্ত ১২৩টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফিরেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক।

হজ পোর্টালের দৈনিক বুলেটিনে জানানো হয়, সর্বশেষ ১১ জুন মদিনায় বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী সুলতানা রাজিয়া চৌধুরী (৬৭) মারা যান। তার বাড়ি সিলেট সদরে।

সৌদি আরবে মারা যাওয়া বাংলাদেশি হাজিদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৭ জন নারী। এর মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন রয়েছেন।

হাজিদের দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৮টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস ২১টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১০ জন হাজি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ১৮ জন হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন ছিলেন।