প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে গেছেন তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। কক্সবাজারে পৌঁছানোর পর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিমানবন্দরের বাইরে অপেক্ষমাণ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, কক্সবাজারে পৌঁছে সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে আয়োজিত পথসভায় অংশ নেবেন তিনি।
দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পার্ক পরিদর্শন করবেন তিনি।
এরপর দুপুর ১টায় পেকুয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, দুপুর ২টায় নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিকেল সাড়ে ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে রাজনৈতিক জনসভায় যোগ দেবেন তিনি।
সন্ধ্যায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত পরিদর্শন শেষে রাত ৮টায় কক্সবাজার শহরের একটি হোটেলে সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে রাত ১০টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ বিরতির পর তারেক রহমানের এই সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
আরো পড়ুন: