কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১২:২২

কক্সবাজার সফরে বাবার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সকালে ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান তিনি। দুই যুগ পর কক্সবাজার সফরে গিয়ে কর্মসূচির শুরুতেই তিনি এই খাল পুনঃখননের উদ্বোধন করেন।

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বৃষ্টি উপেক্ষা করে বিমানবন্দর থেকে পাতলী খাল পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

ঐতিহাসিক সূত্র অনুযায়ী, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থার উন্নয়নে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেন। কক্সবাজারের পিএমখালীর এই পাতলী খাল সেই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ১৯৭৯ সালে তিনি খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

বর্তমান পুনঃখনন উদ্যোগকে কেন্দ্র করে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে চলতি বছরের মধ্যে ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরকারি সূত্রে আরও জানানো হয়, শুধু খাল খনন নয়—খালের পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল উচ্ছেদেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।