বিরোধী দলের উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী

বিরোধী দলের উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১৩:৫৮

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধী দলের মূল লক্ষ্য দেশের উন্নয়ন নয়, বরং দেশকে অশান্ত করা এবং জনগণকে বিভ্রান্ত করা।

শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় পাতলী খাল পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সামাজিক ও মানবিক বাজেট দেওয়ার পরও বিরোধী দল সমালোচনা করছে। তারা দেশের মানুষের পাশে দাঁড়াতে চায় না, তাদের উদ্দেশ্য অশান্তি সৃষ্টি করা।”

প্রধানমন্ত্রী আরও বলেন, এবারের বাজেটে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে। শুধু মদ ও সিগারেটের ওপর কর বাড়ানো হয়েছে, কারণ এগুলো স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। এ বিষয়েও বিরোধী দল অযথা সমালোচনা করছে বলে মন্তব্য করেন তিনি।

কৃষি খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পাতলী খাল পুনঃখননের মাধ্যমে প্রায় সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং বছরে প্রায় ১২ হাজার মেট্রিক টন অতিরিক্ত উৎপাদন হবে।

তিনি জানান, জাতীয় বাজেটে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে এবং এর মাধ্যমে আড়াই হাজার টাকা প্রণোদনা দেওয়া হবে।

নারী শিক্ষার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নারীদের শিক্ষার সুযোগ আরও বাড়ানো হচ্ছে। স্নাতক ও ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি স্বল্পমূল্যে ওষুধ সরবরাহ এবং স্বাস্থ্যসেবা সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, হার্টের রিং ও কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত উপকরণের ওপর কর প্রত্যাহার করা হয়েছে, যাতে চিকিৎসা ব্যয় কমে আসে।

দিনব্যাপী সফরে তিনি আরও একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানানো হয়েছে।