জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় একজন পুলিশ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে ক্লোজড (প্রত্যাহার) করে দামপাড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এর মধ্যে একজনকে আটক করা হয়েছে।
দুপুরে সিএমপি কমিশনার নাঈম হাসানের চট্টগ্রামের বাসায় গিয়ে তার সঙ্গে ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। দায়িত্ব পালনের সময় সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা অপেশাদার আচরণ করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
সিএমপি কমিশনার আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে নাঈম হাসানকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
নাঈমের অভিযোগ, পরিচয় দেওয়ার পরও তাকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করে হেনস্তা করা হয় এবং জোরপূর্বক থানায় নেওয়া হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
সিএমপি জানিয়েছে, পুরো ঘটনা তদন্তাধীন রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন: