বৈশ্বিক বিনিয়োগে গঠনমূলক সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ: ড. খলিলুর রহমান

বৈশ্বিক বিনিয়োগে গঠনমূলক সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ: ড. খলিলুর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১৫:০১

বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশকে একটি স্থিতিশীল ও আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তুলতে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার গঠনমূলক সহযোগিতার মাধ্যমে প্রতিযোগিতামূলক ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে চায়।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ বিষয়ক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ‘বাংলাদেশ ফার্স্ট’। দেশের বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক ঝুঁকি মোকাবেলায় অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিতে হবে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী করতে হবে।

ড. খলিলুর রহমান জানান, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য টেকসই, স্বচ্ছ ও পূর্বাভাসযোগ্য নীতিগত পরিবেশ তৈরিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, প্রথাগত খাতের বাইরে গিয়ে অর্থনীতিকে বহুমুখী করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সৃজনশীল শিল্প ও ক্রীড়া খাতের মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে নীতিগত সহায়তা বাড়ানো হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সম্মেলনের মাধ্যমে সরকারি ও বেসরকারি খাত এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সহযোগিতা বাড়িয়ে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপান্তর ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।