হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, দেশে প্রাণহানি বেড়ে ৬৪৮

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, দেশে প্রাণহানি বেড়ে ৬৪৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১৬:২৭

দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৬৪৮ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৭৩৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮৪ হাজার ৮৯৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ২৪৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ৬০৬ জন। তাদের মধ্যে ৬৫ হাজার ৮৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।