পাঁচ মাসে দেশে ধর্ষণের শিকার ২৫০ নারী ও শিশু

পাঁচ মাসে দেশে ধর্ষণের শিকার ২৫০ নারী ও শিশু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১৬:৫৫

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু নির্যাতনের ১ হাজার ৩৫টি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ২৫০ জন।

শনিবার (১৩ জুন) রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক নাগরিক সংলাপে এসব তথ্য তুলে ধরা হয়।

মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, এ সময়ে ৬৫ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া ধর্ষণের পর ১৮ জনকে হত্যা করা হয়েছে এবং ৫৩ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন।

সংলাপে সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় পর্যায়ে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করতে হবে এবং ইতিবাচক ভূমিকার জন্য তাদের উৎসাহিত করা প্রয়োজন।

সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, শুধু আলোচিত বা ভাইরাল হওয়া ঘটনাই নয়, সব ধরনের নারী ও শিশু নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সরকারের কার্যকর ও কঠোর পদক্ষেপ প্রয়োজন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশে আইনের ঘাটতি নেই; মূল সমস্যা হচ্ছে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক মানসিকতা। নারী ও শিশু অধিকার রক্ষায় সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।