রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।
রোববার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, শিশুটিকে হত্যার আগে ধর্ষণ ও নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন না থাকায় তা গ্রহণযোগ্য হিসেবে গণ্য করা হয়। আদালত আরও উল্লেখ করেন, স্বপ্না আক্তার স্বামীকে পালাতে সহায়তা করেন।
মামলার নথি অনুযায়ী, ১৯ মে সকালে রামিসা বাসা থেকে বের হলে তাকে কৌশলে নিজেদের বাসায় ডেকে নেন স্বপ্না। পরে তাকে ধর্ষণ ও হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
মাত্র কয়েক কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে ৭ জুন রায় ঘোষণা করা হয়।
আরো পড়ুন: