চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশুর নাম পিয়াস বড়ুয়া (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের কর্তা সুজন বড়ুয়া নগরের খাতুনগঞ্জ এলাকায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।
প্রতিবেশীরা জানান, রাতে চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া দাবি করেছেন, আর্থিক লেনদেন ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ হামলা হতে পারে। তিনি আরও জানান, ঘটনার আগে তার স্ত্রী এক ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, দুর্বৃত্তদের হামলায় মা ও মেয়ে নিহত হয়েছেন এবং এক শিশু আহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
আরো পড়ুন: