মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা, নিয়োগ দেওয়া হবে এক লাখ কর্মী

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা, নিয়োগ দেওয়া হবে এক লাখ কর্মী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১৫:৪৫

দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এর মধ্যে ৮০ হাজারই নারী স্বাস্থ্যকর্মী থাকবেন বলে জানান তিনি।

রোববার (১৪ জুন) নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন নারায়ণগঞ্জসহ দেশের ১০টি জেলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের ঘরে ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তি ও জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে মাঠ পর্যায়ে বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী যুক্ত করা হবে।

তিনি আরও জানান, নারী রোগীদের বিশেষায়িত চিকিৎসার জন্য দেশে দুটি ১ হাজার ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, ব্রেস্ট ক্যান্সার, ইউরিনারি ক্যান্সার, পঙ্গুত্ব চিকিৎসা ও ডেলিভারি ইউনিট থাকবে।

এ ছাড়া সারাদেশে ১ হাজার শয্যার ২০টি হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। জরুরি রোগী পরিবহনে এসব হাসপাতালে আধুনিক অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার সুবিধা রাখা হবে বলেও জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে সেবার মান উন্নয়ন ও জনগণের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য।