নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে জিপিএস (GPS) ডিভাইস সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে সরকার। আগামী ১ আগস্ট থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএ জানায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন করতে হবে এবং তা সার্বক্ষণিক সচল রাখতে হবে।
জিপিএস সংযুক্তির কারিগরি নির্দেশনা বিআরটিএর স্থানীয় কার্যালয় অথবা সংস্থাটির ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী গণপরিবহনে জিপিএস নিশ্চিত করার পরই নতুন রেজিস্ট্রেশন দেওয়া হবে এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে গণপরিবহনের গতিবিধি পর্যবেক্ষণ, যাত্রী নিরাপত্তা বৃদ্ধি এবং সড়ক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়বে বলে আশা করা হচ্ছে।
আরো পড়ুন: