২০ জুলাইয়ের মধ্যে এসএসসি’র ফল প্রকাশ করা হবে: শিক্ষামন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি’র ফল প্রকাশ করা হবে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১২:৪৭

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ফল প্রকাশের প্রস্তুতি চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য রয়েছে।

একই সঙ্গে তিনি জানান, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে।

শিক্ষাক্ষেত্রে সংস্কারের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কোচিংয়ের ওপর নির্ভরতা কমাতে সিলেবাস ও কারিকুলাম পুনর্গঠন করা হচ্ছে।

তিনি আরও জানান, কারিগরি শিক্ষার প্রসারে ৩২৯টি নতুন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের কাজ চলছে, যা আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের সেশনজট কমাতে ২০২৮ সালের মধ্যে এমন ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে পরীক্ষার পর দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয় এবং দ্রুত পরবর্তী ধাপে ভর্তি হওয়া যায়।

শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হবে এবং ডিসেম্বরের মধ্যে সংশোধিত নতুন বই সব স্কুলে পৌঁছে দেওয়া হবে।