ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর নিশামনি (৫) নামে এক শিশুর মরদেহ কংস নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।
গতকাল রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামে বাড়ির পাশ থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে দীর্ঘ খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কংস নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন এবং পরে ধোবাউড়া থানা পুলিশকে অবহিত করেন।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত শিশুটির স্বজনদের অভিযোগ, মরদেহে আঘাতের চিহ্ন ও রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে সন্দেহজনক কিছু আলামত পাওয়া গেছে। তবে তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।
তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন: