জাহেদের সঙ্গে দিল্লির ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

জাহেদের সঙ্গে দিল্লির ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১৫:২৮

আপডেট: ১৫ জুন, ২০২৬ ১৭:৫৯

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, দিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে হওয়া ঘটনার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে।

সোমবার (১৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লিতে ডা. জাহেদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা অনাকাঙ্ক্ষিত। বিষয়টি নিয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে রোববার (১৪ জুন) দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ডা. জাহেদ উর রহমান। ওই অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

এর আগে গত শুক্রবার (১২ জুন) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার সফরের বিষয়ে অবহিত করেছিল।

তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখে। তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়েও স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এ পরিস্থিতিতে দেশে ফেরার সিদ্ধান্ত নেন ডা. জাহেদ। পরে তিনি দিল্লি থেকে কলম্বো হয়ে সোমবার দেশে ফিরে আসেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগাম তথ্য দেওয়ার পরও এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে।