সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানার নথি দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে।
সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
চিফ প্রসিকিউটর বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক অভিযোগের তদন্ত চলছে। শাপলা চত্বরের ঘটনা, একরাম হত্যাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে প্রায় ১০টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, বেনজীর আহমেদ র্যাব ও পুলিশের দায়িত্বে থাকাকালে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইন অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।
আমিনুল ইসলাম বলেন, দেশে ফিরিয়ে আনা হলে তাকে ট্রাইব্যুনালের মামলায় হাজির করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। তাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে কাজ চলছে।
আরো পড়ুন: