স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, অমানবিক সেবার কারণে আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করা হয়েছে, তবে মেডিকেল কলেজ বন্ধ করা হয়নি। শিক্ষার্থীরা বিকল্প হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস চালিয়ে যেতে পারবে বলেও জানান তিনি।
সোমবার (১৫ জুন) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ স্বাস্থ্যসেবায় অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
হাম পরিস্থিতি নিয়ে তিনি জানান, দেশে টিকাদান কর্মসূচি শতভাগের বেশি লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিনই পর্যবেক্ষণ ও টিকাদান কার্যক্রম অব্যাহত আছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, হামের সংক্রমণ এখনো পুরোপুরি শেষ হয়নি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত সপ্তাহে মৃত্যুর সংখ্যা শূন্যের কাছাকাছি ছিল বলেও দাবি করেন তিনি।
তামাক প্রসঙ্গে তিনি বলেন, তামাক মানবদেহের প্রায় সব অঙ্গেই ক্ষতিকর প্রভাব ফেলে এবং ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তিনি তামাক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: