বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ভিত্তিতে গণমাধ্যম কমিশন গঠন জরুরি : তথ্যমন্ত্রী

বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ভিত্তিতে গণমাধ্যম কমিশন গঠন জরুরি : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১৬:৪১

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ভিত্তিতে একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। তিনি বলেন, এই কমিশন গণমাধ্যমের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ নির্ধারণ করবে এবং একই সঙ্গে স্বাধীনতা ও জবাবদিহির মধ্যে ভারসাম্য নিশ্চিত করবে।

সোমবার রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনের ডিএফপি সম্মেলন কক্ষে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) আয়োজিত ‘বাকশালী শাসনে সংবাদপত্র বন্ধের কালো দিবস’ স্মরণে এবং ‘ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও বহুমতের সহাবস্থান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দায়িত্বশীলতা ও জবাবদিহিতাও অপরিহার্য। তার মতে, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি ছাড়া কার্যকর গণমাধ্যম কমিশন গঠন সম্ভব নয়।

তিনি অতীতের উদ্যোগের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, আগের কমিশনগুলো পূর্ণাঙ্গ কাঠামো না পাওয়ায় গণমাধ্যমকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যায়নি। এজন্য তিনি পূর্ববর্তী সরকারের দায়কেও উল্লেখ করেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, সাবেক একজন বিচারপতির নেতৃত্বে একটি নতুন গণমাধ্যম কমিশন গঠন করা যেতে পারে, যেখানে তথ্য ও আইন মন্ত্রণালয়, সম্পাদক পরিষদ, ট্রেড ইউনিয়ন ও প্রেস ক্লাবসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিত্ব থাকবে। এই কমিশন নীতি, আইন ও কাঠামো প্রণয়ন করবে এবং নৈতিক সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে ভূমিকা রাখবে।

বিদেশি উদাহরণ টেনে তিনি বলেন, যুক্তরাজ্যের অফিস অব কমিউনিকেশন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো স্বাধীনতা ও নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য বজায় রাখে, যা বাংলাদেশেও অনুসরণ করা যেতে পারে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক মারুফ কামাল খান। সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। এছাড়া বিভিন্ন সাংবাদিক নেতা ও সম্পাদকরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।