অকেজো রেল লাইন বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

অকেজো রেল লাইন বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১৯:২৯

বাংলাদেশ রেলওয়ের পুরানো ও অকেজো রেল লাইন নিলামে বিক্রি না করার কারণ জাতীয় সংসদকে অবহিত করেছেন সড়ক, পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের সপ্তম কার্যদিবসে সংসদ সদস্যদের পৃথক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন লাইনে বর্তমানে ট্র্যাক রিনিউয়াল বা রেলপথ সংস্কার ও পরিবর্তনের কাজ চলছে। এ সময় ব্যবহারযোগ্য পুরানো রেলগুলো সংশ্লিষ্ট স্থানে সাময়িক ভাবে সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে রেল রিপ্লেসমেন্টের কাজে ব্যবহার করা হয়। কাজ চলাকালে এসব রেল অগোছালো অবস্থায় দেখা গেলেও প্রকল্প শেষ হলে সেগুলো নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়।'

তিনি বলেন, 'এসব রেল পরবর্তীতে রেলওয়ের বাঁধ সুরক্ষা (এমব্যাঙ্কমেন্ট প্রটেকশন) এবং বিভিন্ন অবৈধ লেভেল ক্রসিংয়ে ফেন্সিং বা বেড়া নির্মাণে ব্যবহার করা হয়। এর মাধ্যমে রেলওয়ের নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় হয়। পুনর্ব্যবহারের সুযোগ থাকায় এসব রেল উন্মুক্ত নিলামে বিক্রি করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।'