রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির পক্ষে শুনানির জন্য স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৬ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ আদেশ দেন। ফৌজদারি বিশেষজ্ঞ একজন আইনজীবীকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) এবং জেল আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়। শিগগিরই হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের তথ্য অনুযায়ী, বিজি প্রেস থেকে প্রস্তুত পেপারবুক ইতোমধ্যে সুপ্রিম কোর্টে পৌঁছেছে এবং যাচাই-বাছাই চলছে।
এর আগে গত ৭ জুন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না আক্তারকে ফাঁসির দণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আদালতের রায়ে বলা হয়, ধর্ষণের পর হত্যার প্রমাণ মিলেছে এবং আসামিদের স্বীকারোক্তি ও সহযোগিতামূলক ভূমিকা মামলার গুরুত্ব আরও বাড়িয়েছে।
আরো পড়ুন: