পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১২:৩৮

ঢাকার মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া শিশু মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পরে ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক হিসেবে অধ্যাপক জামালুন্নেসা দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। ইতোমধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদারকি ব্যবস্থা জোরদার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়া ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে প্রোটোকল পুনর্মূল্যায়নের কাজ চলছে। আলো-বাতাস চলাচল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশেষজ্ঞদের পরামর্শে পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি করপোরেট অফিসের ওপর অবস্থিত একটি বেকারিও বন্ধ করা হয়েছে।

নতুন নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অণুজীববিজ্ঞানে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।