ভারত সফরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দেশে ফেরেন তথ্য উপদেষ্টা

ভারত সফরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দেশে ফেরেন তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১৩:১৫

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসার ঘটনাকে তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৬ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বিমানবন্দরে তাকে আটকে রাখার খবর সঠিক নয়, তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তিনি ভারতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন।

উপদেষ্টা আরও জানান, এ ঘটনা দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করবে না। বাংলাদেশ ভারতের সঙ্গে যৌক্তিক ও পারস্পরিক স্বার্থভিত্তিক সম্পর্ক চায়, তবে দেশের আত্মসম্মান বজায় রেখে কূটনৈতিক সম্পর্ক পরিচালিত হবে।

তিনি বলেন, “আমি ব্যক্তি হিসেবে নয়, সরকারের প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। তাই রাষ্ট্রের অবস্থান থেকে একটি স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন মনে করেছি।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ কোনো দেশের সঙ্গে বৈরিতা চায় না, তবে “সবার আগে বাংলাদেশ”—এই নীতির ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হবে।

এর আগে রোববার ভারতের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (IORA)–এর একটি বৈঠকে অংশ নিতে তিনি ঢাকা ছাড়েন। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন জটিলতার কারণে তিনি ভারতে প্রবেশ না করেই দেশে ফিরে আসেন।

এ ঘটনায় সোমবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়াকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিকভাবে বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।