আদ্‌–দ্বীনে ৬ শিশুর মৃত্যুর দায় হাসপাতালকেই নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

আদ্‌–দ্বীনে ৬ শিশুর মৃত্যুর দায় হাসপাতালকেই নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১৩:২০

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকেই দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

মঙ্গলবার (১৬ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে শিশুদের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় ডাক্তার-নার্সসহ হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল।

মন্ত্রী আরও বলেন, “এই অপরাধে শাস্তি হিসেবে হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করে সরকারের চোখ ফাঁকি দিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।”

তবে তিনি জানান, আদ্‌-দ্বীন হাসপাতালের অন্য শাখা থাকলে তা চালু থাকতে পারবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান উন্নত করতে হবে এবং চিকিৎসক-নার্সদের নৈতিক ও পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, হামের বিরুদ্ধে সরকার সফলভাবে প্রতিরোধ গড়ে তুলেছে এবং এ ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।