একনেকে ৫ প্রকল্প অনুমোদন

একনেকে ৫ প্রকল্প অনুমোদন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১৪:২৩

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। এর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘Supporting Infrastructure Project for Chinese Economic and Industrial Zone’, পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘ফেনী জেলায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’, ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন’ এবং কুষ্টিয়ার মিরপুর ও কুমারখালী এলাকায় পদ্মা নদীর ভাঙনরোধ প্রকল্পের (১ম সংশোধন), পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের ‘১০০টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন’ প্রকল্পের (৩য় সংশোধিত) অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় অর্থ, স্থানীয় সরকার, পররাষ্ট্র, শিক্ষা, স্বরাষ্ট্র, পানি সম্পদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।