সাংবাদিকদের পেশাগত মর্যাদা নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের পেশাগত মর্যাদা নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১৪:৫০

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অতীতের মতো রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না, বরং যেকোনো সমস্যা সমাধানে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করছে। এটিই ফ্যাসিবাদের সঙ্গে বর্তমান অবস্থার পার্থক্য।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের পেশাগত মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে এবং গণমাধ্যমের বিভিন্ন সমস্যাকে এক জায়গায় এনে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, গণমাধ্যম কমিশন গঠন করা গেলে তা ফ্যাসিবাদ-পরবর্তী সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বারবার পাঠ করা প্রয়োজন, যা ভবিষ্যতে “এন্টিভাইরাস” হিসেবে কাজ করবে।

এদিকে সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র পুনরায় চালু করা উচিত। তিনি অভিযোগ করেন, মালিকপক্ষের কারণে অনেক সাংবাদিক চাকরিচ্যুত হচ্ছেন।

অনুষ্ঠানে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারাও উপস্থিত ছিলেন।