হবিগঞ্জে কবরস্থানের রাস্তা নিয়ে সংঘর্ষ: নিহত ২, আহত ৪০

হবিগঞ্জে কবরস্থানের রাস্তা নিয়ে সংঘর্ষ: নিহত ২, আহত ৪০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১৬:১৩

হবিগঞ্জের বাহুবল উপজেলায় কবরস্থানের রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার আদিত্যপুর ও আরিছপুর গ্রামের মধ্যবর্তী এলাকায় কবরস্থানের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার দুপুর ও সন্ধ্যায় দুই দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রামের বাসিন্দারা।

সংঘর্ষে আদিত্যপুর গ্রামের সেলু মিয়া (৫৩) ও হেলাল মিয়া (৩৭) নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. পারভেজ মোশারফ হোসেন জানান, গুরুতর আহত সেলু মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে হেলাল মিয়ার মৃত্যু হয়।

বাহুবল থানার ওসি বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।