ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৭ জুন) সকাল ৯টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গুলশানের বাসা থেকে সকাল সাড়ে ৯টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান বলে জানানো হয়।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচি শেষে রাতে তিনি ঢাকায় ফিরবেন।
দিনের সূচি অনুযায়ী, সিলেট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে দুপুর ১টায় ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সদর উপজেলার একটি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
দিনের শেষভাগে দুসাই রিসোর্টে দলীয় নেতাদের সঙ্গে একটি সভায় যোগ দেবেন তিনি। পরে বিকেলে সিলেট হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
উল্লেখ্য, দীর্ঘ দেড় দশকের বেশি সময় লন্ডনে থাকার পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনি প্রচারণায় তিনি প্রথমবারের মতো মৌলভীবাজার সফর করেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম মৌলভীবাজার সফর বলে জানা গেছে।
আরো পড়ুন: