জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্ব প্রথমবারের মতো গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান এই দায়িত্ব গ্রহণ করেন।
বুধবার (১৭ জুন) জেনেভায় জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
১৯৫৯ সালে ইউএনএইচসিআর নির্বাহী কমিটির কার্যক্রম শুরুর পর এবারই প্রথম বাংলাদেশ ব্যুরোতে নেতৃত্বের দায়িত্ব পেল। নির্বাহী কমিটির ব্যুরো চার সদস্যবিশিষ্ট একটি নেতৃত্ব কাঠামো, যা কমিটির কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান এবং বৈশ্বিক শরণার্থী ও জোরপূর্বক বাস্তুচ্যুতি সংক্রান্ত বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় ও ঐকমত্য গঠনে ভূমিকা রাখে।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের অভ্যন্তরীণ পরামর্শের ভিত্তিতে বাংলাদেশকে সর্বসম্মতভাবে আঞ্চলিক প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। পরে আলজেরিয়া ও অস্ট্রিয়ার সমর্থনসহ সব আঞ্চলিক গোষ্ঠীর সমর্থন পেয়ে মোট ১১০টি সদস্য রাষ্ট্র বাংলাদেশের মনোনয়ন অনুমোদন করে।
রাষ্ট্রদূত নাহিদা সোবহান একজন পেশাদার কূটনীতিক হিসেবে রোম, জেনেভা ও কলকাতায় দায়িত্ব পালন করেছেন। তিনি জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কানাডায় হাইকমিশনার হিসেবেও দায়িত্বে ছিলেন। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক ছিলেন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন মানবিক ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দায়িত্ব গ্রহণ মানবিক ও জোরপূর্বক বাস্তুচ্যুতি ইস্যুতে বাংলাদেশের গঠনমূলক নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি। বর্তমানে বাংলাদেশ প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পক্ষে কাজ করছে।
বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধি, মানবিক সংকট এবং তহবিল ঘাটতির প্রেক্ষাপটে এই দায়িত্ব গ্রহণকে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্জন হিসেবে দেখছে।
আরো পড়ুন: