চট্টগ্রামে আলোচিত শিশু আয়াত হত্যা মামলায় আবিরের ফাঁসি

চট্টগ্রামে আলোচিত শিশু আয়াত হত্যা মামলায় আবিরের ফাঁসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ১৪:২০

চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আয়াতকে অপহরণের পর হত্যা এবং মরদেহ ছয় টুকরো করার মামলায় প্রধান আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবির আলী আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার একই আদালতে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। মামলাটিতে মোট ৩৩ জন সাক্ষ্য দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার নয়ারহাট এলাকায় আরবি পড়তে মসজিদে যাওয়ার পথে নিখোঁজ হয় শিশু আয়াত।

পরবর্তীতে তদন্তে উঠে আসে, মুক্তিপণের উদ্দেশ্যে প্রতিবেশী আবির আলী শিশুটিকে অপহরণ করে। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ছয় টুকরো করে সাগরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ প্রমাণিত হয়।

৩০ নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন স্লুইচ গেট এলাকায় একটি গর্ত থেকে আয়াতের দুই পা উদ্ধার করে পুলিশ। পরদিন খণ্ডিত মাথা উদ্ধার করা হয়।

তদন্তে এসব আলামত সংগ্রহ ও প্রমাণ বিশ্লেষণের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার অভিযোগপত্র দাখিল করে।