শ্রীমঙ্গলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ১৪:২৬

আপডেট: ১৭ জুন, ২০২৬ ১৬:৪২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বুধবার (১৭ জুন) দুপুর ১টা ৩ মিনিটে শ্রীমঙ্গলে পৌঁছান। এর আগে সকাল ৯টা ৩৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন তিনি।

আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টা ২০ মিনিটে পৌঁছানোর পর সিলেট বিভাগের রাজনৈতিক নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পরে তিনি সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, শ্রীমঙ্গলে পৌঁছে দুপুর ১টায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করবেন তিনি।

এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সদর উপজেলার একটি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

দিনের শেষভাগে দুসাই রিসোর্টে দলীয় নেতাদের সঙ্গে সভায় যোগ দেবেন তিনি। পরে বিকেলে সিলেট হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, দেড় দশকের বেশি সময় লন্ডনে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর ১২ ফেব্রুয়ারির নির্বাচনী প্রচারণায় তিনি প্রথমবার মৌলভীবাজার সফর করেন।

নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম দিনব্যাপী মৌলভীবাজার সফর বলে জানা গেছে।