ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। এ নিয়ে ১৫তম বারের মতো প্রতিবেদন দাখিলের সময় পেছানো হলো।
রোববার (১৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত আগামী ২৮ জুন নতুন দিন নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত থাকলেও মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা কোনো প্রতিবেদন জমা দিতে পারেননি। ফলে আদালত নতুন তারিখ ধার্য করেন।
এর আগে গত ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ডিবির দেওয়া অভিযোগপত্রের (চার্জশিট) বিরুদ্ধে নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় অটোরিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
পরবর্তীতে ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়, যা হাদির মৃত্যুর পর হত্যা মামলায় রূপান্তরিত হয়। পরে ৬ জানুয়ারি ডিবি পুলিশ ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে।
মামলায় তদন্তে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসা এবং নির্বাচনী পরিবেশে প্রভাব ফেলতেই পরিকল্পিতভাবে হাদিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
আরো পড়ুন: