জনগণের অর্থ জনগণের কাজেই ব্যয় হবে: তারেক রহমান

জনগণের অর্থ জনগণের কাজেই ব্যয় হবে: তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ১৫:৪০

আপডেট: ১৭ জুন, ২০২৬ ২১:০৪

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে। জনগণের টাকা বিদেশে পাচার হতে দেওয়া হবে না এবং যারা এ ধরনের কাজে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থ জনগণকে না দিয়ে বিদেশে পাচার করা হয়েছে। দেশের সম্পদ দেশের মানুষের উন্নয়নেই ব্যবহার করা হবে।

তিনি জানান, আগামী এক বছরের মধ্যে চা বাগানের সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। দেশের উন্নয়নে নারী ও পুরুষকে একসঙ্গে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, নারীদের স্বাবলম্বী করা ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। মানুষের জীবনমানের পরিবর্তন করাই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, শ্রীমঙ্গলে ১৫০ জন চা শ্রমিকের সন্তানকে স্কলারশিপ দেওয়া হয়েছে। আগামী এক বছরে ৪০ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে।

স্বাস্থ্যখাতের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে উপজেলার ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই বাজেট দেওয়া হয়েছে। জনবান্ধব উদ্যোগকে যারা জনবিরোধী বলে বিভ্রান্তি ছড়ায়, তাদের বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে।

তারেক রহমান বলেন, জনগণ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবার বিএনপিকে বিজয়ী করেছে। দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।